Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘আরো ভালোবাসবো তোমায়’

Dhumketu-Movie-বিনোদন ডেস্ক:
আবারও জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও পরীমনি। এই জুটিকে নিয়ে এস এ হক অলীক নির্মাণ করতে চলেছেন প্রেমের সিনেমা ‘আরো ভালোবাসবো তোমায়’। ধূমকেতু’ সিনেমার পর ‘স্বপ্নের নায়ক’ শাকিবের সঙ্গে এটি হতে যাচ্ছে পরীর দ্বিতীয় সিনেমা। সিনেমায় চমক হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী গুলশান আরা চম্পা, যাকে দেখা যাবে খলচরিত্রে। আরও থাকছেন সোহেল রানা, সাদেক বাচ্চুর মতো তারকারা। মঙ্গলবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির মহরত অনুষ্ঠান। মহরত অনুষ্ঠানের ফাঁকে শাকিব বলেন, “নিখুঁত প্রেমের সিনেমা হতে যাচ্ছে ‘আরো ভালোবাসবো তোমায়’। চম্পা আপা তো আমার কাছে সাক্ষাৎ স্বপ্নপূর্ণা। পরীও ভীষণ ভালো কাজ করছে এখন। অলিকের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। সে ইতোমধ্যে তার জাত চিনিয়েছে। সবকিছুর পরে সিনেমা তো আসলে একটি টিমওয়ার্ক। আমার আশা দর্শক অন্যরকম একটি প্রেমের সিনেমা দেখতে যাচ্ছে।” চম্পা বলেন, “সিনেমাতে আমার চরিত্রটি একটু অন্যরকম। বয়সের তফাৎ অনেক, তবুও আমি প্রেমে পড়ি শাকিবের। আমার চরিত্রটি একটু খুঁতখুঁতে স্বভাবের। শাকিব-পরীর প্রেমে বারবার বাধা হয়ে দাঁড়াবো আমি।” নাটক থেকে সিনেমায় আসা পরীমনি মোটেই ভুলে যাননি ‘সেকেন্ড ইনিংস’ নাটকটির কথা। সে নাটকে চম্পার মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। “আমি নাটক থেকে সিনেমাতে এসেছি। তখন আমি বাংলা সিনেমার ব্যাপারে অনেক কিছুই জানি না। চম্পা আপু আমাকে বলতেন, ‘এই তুই নায়িকা হয়ে যা’। আমি ভাবতাম, এসব কি বলেন তিনি! বাংলা সিনেমা নিয়ে নাক সিঁটকাতাম আমি। কিন্তু হঠাৎ করেই একদিন সিনেমার নায়িকা হয়ে গেলাম। আমি কখনো চম্পা আপুর কথা ভুলব না।” শাকিব প্রসঙ্গে পরীমনি বলেন, “শাকিব আমার স্বপ্নের নায়ক। এর আগে ‘ধূমকেতু’ সিনেমাতে কাজ করতে গিয়ে তাকে নিয়ে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু সহশিল্পী হিসেবে তিনি সত্যিই দারুণ। খুব সহজে সহশিল্পীকে আপন করে নিতে পারেন।” সিনেমাতে পরী অভিনয় করছেন রক্ষণশীল পরিবারের এক মেয়ের ভূমিকায়। পরিবারের নানা অনুশাসনের ফাঁক গলে পরী ঠিকই চুটিয়ে প্রেম করেন শাকিবের সঙ্গে। পরিচালক এস এ হক অলিক আশা করছেন রিয়াজ-পূর্ণিমা জুটির মতোই শাকিব-পরী জুটিও তার চলচ্চিত্রের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাবে। জানালেন, কিছুদিনের মধ্যেই তিনি এই সিনেমাটির শ্যুটিং শুরু করবেন। এই সিনেমার সংগীতায়োজন করেছেন ইমন সাহা, হাবিব ওয়াহিদ, হৃদয় খানরা। সিনেমার জন্য ‘মনের দুয়ার খুলে দিলাম’ শিরোনামের গানটিতে প্রখমবারের মতো একসঙ্গে গেয়েছেন হাবিব ও পড়শি।
এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে অপু এ চরিত্রে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দেন পরিচালক অলিক ও প্রযোজক খোরশেদ আলম খসরুকে। শোনা যাচ্ছে, প্রধান চরিত্রে পরীমনি আছেন বলেই অপু সিনেমাটিতে কাজ করতে চাইছেন না। শাকিব এখন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’ সিনেমার শ্যুটিং করছেন। তার বিপরীতে রয়েছেন অপু বিশ্বাস। পরী অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘মহুয়া সুন্দরী’ পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তির কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.