গানের মডেল নওশীন
বিনোদন ডেস্ক:
শুরুতেই তিনি ছিলেন শুধুই কথাবন্ধু। এরপর শুরু করেন টিভির অনুষ্ঠান উপস্থাপনা। মডেল ও ছোটপর্দার অভিনেত্রী হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। একটা সময় কাজ করেন চলচ্চিত্রেও। তিনি আর কেউ নন, নওশীন নাহরীন। এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওর মডেল হলেন নওশীন। চার দিন ধরে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও রিজভী ওয়াহিদ। ‘আমি চাই তোরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীতায়োজন করেছেন শান। মঙ্গলবার নওশীন অভিনীত মিউজিক ভিডিওর শ্যুটিং শেষ হয়েছে। কক্সবাজার থেকে আজ তাঁর ঢাকায় ফেরার কথা। তার আগেই প্রথম আলোর সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করার কারণ জানালেন তিনি। বললেন, ‘প্রথম ব্যাপারটা, এই মিউজিক ভিডিওর বাজেট অনেক বেশি। অনেকটা চলচ্চিত্রের আদলেই শ্যুটিংয়ের আয়োজন করা হয়েছে। তা ছাড়া মিউজিক ভিডিওর ভাবনাটা আমার কাছে দারুণ পছন্দ হয়েছে। যে দলের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে আগে থেকেই বেশ ভালোভাবেই পরিচিত আমি। তাই মিউজিক ভিডিওতে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়েছি।’