Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চকরিয়ায় ডাকাতিকালে গণপিটুনি, আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি:
চকরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতিকালে ৩ ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। পুলিশ ঘটনাস্থল থেকে তাজা কার্তুজ ও বন্দুকসহ ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। সোমবার ভোর রাত তিনটার দিকে চিরিঙ্গা-বাগগুজারা সড়কের পৌরসভার আমান্যারচর এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ভোর রাতে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাতদল বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের পিটিয়ে ও বেঁধে রেখে গণডাকাতির ঘটনা সংঘটিত করছিল। ডাকাতির সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদলকে ধাওয়া করলে ডাকাতের গুলিতে আমির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত ব্যক্তি ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে বলে জানা গেছে। ডাকাতদল এসময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত সূত্রের দাবি।
এদিকে জনতা গণডাকাতির খবর পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধাওয়া করে তিন ডাকাতকে ঘিরে ফেলতে সক্ষম হয়। এসময় বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ডাকাতরা। তাদের পুলিশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছে।
আহত ডাকাতরা কোনাখালী ইউনিয়নের হাকিম পাড়ার জাফর আলমের ছেলে আবদুল জব্বার (৩৫), পূর্ব বড় ভেওলার দিল মোহাম্মদের ছেলে রোকন উদ্দিন (২৫) ও একই ইউনিয়নের সিকদারপাড়ার কাশেম (৩৫)। তাদের কাছ থেকে দুই রাউন্ড তাজা কার্তুজসহ একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, এখনও পর্যন্ত কেউ বাদী হয়ে থানায় অভিযোগ করে নি।

Leave A Reply

Your email address will not be published.