ঢাকা বিমানবন্দরে সোয়া কেজি সোনাসহ একজন আটক
স্টাফ রিপোর্টার:
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি ওজনের ১২টি সোনার বারসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার গভীর রাতে ইয়ার খানকে (৪৫) আটক করা হয় বলে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান। তিনি বলেন, সিঙ্গাপুর থেকে আসা টাইগার এয়ারওয়েজের একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে রাত ১২টার দিকে সোনাগুলো নিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। “ইয়ার খান সোনার বারগুলো তার সঙ্গে থাকা মোবাইলের কভারের ভিতরে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলেন।” তানজিনা বলেন, সিঙ্গাপুর থেকে তার এক বেয়াই বিমানের এক যাত্রীর মাধ্যমে সোনাগুলো পাঠিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ইয়ার। এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানান তিনি।