নায়েক রাজ্জাককে হস্তান্তর করেছে বিজিপি
অবশেষে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দিল মিয়ানমার। এর আগে রাজ্জাককে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সকালে সাত সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারের মংডুতে যান। সেখানে বৈঠক শেষে তাকে প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।
এদিকে পিলখানা সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসীন আলী সাংবাদিকদের জানান, নায়েক রাজ্জাককে হেলিকপ্টারে করে এনে সংবাদ সম্মেলন করা হবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ সেখানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি চালায়। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলার রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।