পীরগাছায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা : আটক-১
পীরগাছা সংবাদদাতা: রংপুরের পীরগাছার প্রত্যন্ত পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ষাটোর্ধ এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশি এক প্রভাবশালী। এঘটনার সাথে জড়িত সন্দেহে মতিয়ার রহমান নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাকে জেল-হাজতে পাঠানো হয়।
জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের মনিরাম গ্রামের মহিজল হকের সাথে একই গ্রামের বেলাল শেখের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে শনিবার বিকেলে বেলাল শেখ ও তার লোকজন মহিজল হকের স্ত্রী রহিমা বেগমকে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর অসুস্থ্য হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম মারা যান। এঘটনায় পীরগাছা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।