প্রকৃত আসামিদের আড়াল করতেই ক্রসফায়ার : খালেদা জিয়া
প্রকৃত ঘটনা ও অপরাধীদের আড়াল করতেই রিমান্ডে থাকা আসামিকে ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, সাঁড়াশি অভিযানের নামে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের রিমান্ডের নামে ক্রসফায়ারে দেওয়া হচ্ছে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টার ঘটনায় অপরাধী ধরা পড়লো। অথচ রিমান্ডে থাকা অবস্থায় তাকে ক্রসফায়ারে দেয়া হয়েছে। কারণ আটককৃতরা এমন তথ্য দেয় যার সঙ্গে সরকার জড়িয়ে যায়; তাই ক্রসফায়ার।
তিনি বলেন, দেশে কি হচ্ছে, কি চলছে সবাই জানেন। দেশ আছে কিনা সেট নিয়েও সন্দেহ রয়েছে। দেশ কে চালাচ্ছে- তা নিয়েও সংশয় রয়েছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, অনেক ঘটনা ঘটছে। কিন্তু বিচার হয়নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার কয়েক বছর পার হলো কিন্তু এখনো বিচার হয়নি। এর পেছনে বড় কারণ আছে।
তিনি বলেন, কোর্ট নির্দেশ দিয়েছে, বিনা ওয়ারেন্টে ধরা যাবে না। অথচ গ্রেপ্তার করা হচ্ছে। দেশে কারো কোন নিরাপত্তা নেই। প্রধানমন্ত্রী নামেই প্রধানমন্ত্রী। এদেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইফতার মাহফিলে জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।