প্রিন্সেস শার্লট নামকে অভিনন্দন জানালো ব্রিটিশ সংবাদ মাধ্যম
আন্তর্জাতিক ডেস্কঃ সবধরনের জল্পনাকল্পনার অবসান হল। প্রিন্স উইলিয়াম ও কেট দম্পতির কন্যাশিশুটির নাম ঘোষণা হলো। নাম রাখা হলো শার্লট এলিজাবেথ ডায়না। আর নামটিকে স্বাগত জানালো দেশটির পত্রপত্রিকা।
ব্রিটিশ রাজপরিবারে জন্ম নেয়া কন্যা শিশুটির নাম কি হবে তা নিয়ে চলছিল জল্পনাকল্পনা। নাম ঘোষণার পর মঙ্গলবার দ্য টাইমস পত্রিকা একে স্বাগত জানিয়ে বলেছে, শার্লট এলিজাবেথ ডায়না: এমন একটি নাম যা দিয়ে উইলিয়ামের জীবনের নারীটিকে সম্মানিত করা হলো।
উল্লেখ্য সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়ামের পিতা প্রিন্স চার্লসের স্ত্রীবাচক হলো শার্লট। শিশুটির নামের মাঝের অংশ এলিজাবেথ। তিনি উইলিয়ামের দাদী ও ব্রিটিশ রাজসিংহাসনের বর্তমান রাণী। তবে জনমানুষের সবচেয়ে বেশি আগ্রহ শিশুটির নামের শেষাংশকে ঘিরে। ডায়না উইলিয়ামের মৃত মায়ের নাম। বিশ্বকে শোকাহত করে তিনি ১৯৯৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
ডেইলি মেইলের প্রথম পাতায় ছোট্ট প্রিন্সেস ও ডায়নার ছবি ছাপিয়ে বলা হয়েছে, ‘মায়ের জন্যে, যাকে তিনি হারিয়েছেন’। ডেইলি টেলিগ্রাফ একে ‘যথাযথ শ্রদ্ধা’ বলে উল্লেখ করেছে। শনিবার মধ্য লন্ডনের সেন্ট ম্যারি হাসপাতালে ভর্তির তিন ঘন্টা পর কেট শিশুটির জন্ম দেন। একই হাসপাতালে জন্ম নেয় ডায়নার প্রথম সন্তান উইলিয়াম। হাসপাতালে অপেক্ষমান আলোকচিত্রীদের সামনে কেট যখন তার সদ্যোজাত সন্তান কোলে নিয়ে দাঁড়ান তখন তার হাতে ছিল ডায়নারই আংটি।
শিশুটি বর্তমানে কেনসিংটন প্রাসাদে বাবা ও মায়ের সাথেই আছে। প্রাসাদের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘দ্য ডিউক ও ডাচেস অব কেমব্রিজ আনন্দের সঙ্গে ঘোষণা করছে তারা তাদের কন্যার নাম শার্লট এলিজাবেথ ডায়না রেখেছেন। শিশুটি প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ নামে পরিচিত হবেন’।
রাজপরিবারে নতুন জন্ম নেয়া শিশুটি ব্রিটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী। প্রথম উত্তরাধিকারী প্রিন্স চার্লস (৬৬), দ্বিতীয় প্রিন্স উইলিয়াম ও তৃতীয় উত্তরাধিকারী নবজাত শিশুটির প্রায় দ’ুবছরের ভাই জর্জ।