Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রেক্ষাগৃহ এখন সুদিনের অপেক্ষায়

b-7বিনোদন ডেস্ক:
টানা তিন মাসের অবরোধ আর হরতালে অনেকটাই বির্পযস্থ দেশিয় চলচ্চিত্র অঙ্গন। ফলে দর্শক শূন্য প্রেক্ষাগৃহগুলোকেও গুণতে হয়েছে ক্ষতির অংক। তবে আশার কথা হলো ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ ইতিমধ্যেই স্থিমিত হয়ে এসেছে।
তাছাড়া গেল তিন মাসের খরা কাটিয়ে আবারো নতুন নতুন চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে। তাই আবারো আশায় বুক বাঁধছে প্রেক্ষাগৃহ মালিক থেকে শুরু করে কর্মচারীরা। হরতাল অবরোধের কারণে বছরের শুরু থেকেই ছবি মুক্তির সংখ্যা ছিলো কম।
তারপরও যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলো ব্যবসা সফল হতে পারেনি। আর এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, হরতাল অবরোধে প্রেক্ষাগৃহগুলোতে দর্শক উপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম থাকে।
তাই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মতো প্রেক্ষাগৃহগুলোও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আশার কথা হলো চলতি মাসের শুরু থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ফলে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন ছবি মুক্তি দিতে শুরু করেছে। মার্চের শেষ সপ্তাহে মুক্তি দেয়া হয় আবুল কালাম আজাদ পরিচালিত ‘হৃদয় দোলানো প্রেম’।
চিত্রনায়িকা আচঁলের সঙ্গে এই ছবিতে ছিলেন নবাগত ফাহিম চৌধুরী ও আশিক। এর পরের সপ্তাহেই অর্থ্যাৎ এপ্রিলের প্রথম শুক্রবার মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’ ছবিটি। এটি আলোচিত নায়িকা পরীমণির দ্বিতীয় ছবি। স্বভাবতই দুটি ছবি দেখার জন্যে প্রেক্ষাগৃহগুলোতে দর্শক আসতে শুরু করে।
এদিকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে বড় বাজেটের দুটি নতুন চলচ্চিত্র। এর একটি শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’।
এই ছবিতে প্রথমবারের মতো চলচ্চিত্রের জুটি হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন আরেফিন শুভ ও মম। একই দিন ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ নামে আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, আঁচল ও আমৃতা খান। খোঁজ নিয়ে জানা যায়, দুটি ছবির প্রতিই প্রেক্ষাগৃহ মালিকরা আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যে বেশ কিছু প্রেক্ষাগৃহ বুকিংও পেয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘গেল তিন মাস ধরে দর্শক শূন্যতায় ভুগছে দেশের সিংহভাগ প্রেক্ষাগৃহ। ফলে এ ব্যবসায় এক ধরনের ধস নেমে এসেছে। ইতিমধ্যে অনেক প্রেক্ষাগৃহের বেতন বিদ্যুৎ ও পানির বিল বকেয়া পড়েছে। অনেকে আবার কর্মচারীদের বেতনই ঠিকমতো দিতে পারছেন না।’
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ মাসের শুরু থেকে হরতাল অবরোধের উত্তাপ কমে আসায় গেল সপ্তাহের প্রথমদিন কিছু দর্শকের দেখা মিলছে। তাছাড়া চলতি মাসে বেশ কিছু নতুন ছবি মুক্তি পাচ্ছে। তাই প্রেক্ষাগৃহ মালিকরা আবারো আশায় বুক বাঁধছেন।’
এদিকে প্রযোজক সূত্রে জানা গেছে এপ্রিল ও মে মাসে অনন্ত’র সাতটি নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। ফলে প্রেক্ষাগৃহ মালিকরাও আশা বুক বাধঁছেন।
এ প্রসঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ বলেন, ‘হরতাল-অবরোধের কারণে গেল তিনমাস দর্শক উপস্থিতি একেবারেই কম ছিলো। তবে গেল সপ্তাহ থেকে উল্টো চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিনই একটু একটু করে দর্শক সংখ্যা বাড়ছে। তাই বলা যায় আমরা আবারো ঘুরে দাঁড়াচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আগামী কয়েকমাস যে ছবিগুলো প্রদর্শন করবো, আশা করছি এগুলো দর্শকদের চাহিদা মেটাবে। তবে হরতাল অবরোধের কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়া সম্ভব নয়।’


Leave A Reply

Your email address will not be published.