বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: গাভাস্কার
স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা নয়, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আগামী বৃহস্পতিবার মেলবর্নে অনুষ্ঠেয় ঐ ম্যাচটা নিয়ে শুরু হয়ে গেছে আগাম উত্তেজনা। ভারত মহাশক্তিধর। পুল ‘বি’ থেকে সব ক’টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে দাপটে। ফর্মের তুঙ্গে থাকা এই ভারতকে কি রুখতে পারবে বাংলাদেশ? ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার কিন্তু আগে ভাগেই সতর্ক করে দিলেন ভারতকে। তার কথা, বাংলাদেশকে হাল্কাভাবে নিলে সবচেয়ে বড় ভুলটা করে বসবে ভারত। তার হিসেবে ম্যাচটা ভারতের জন্য মোটেও সহজ হবে না। ইংল্যান্ডকে ১৫ রানে হরানোর পর শুক্রবার হ্যামিল্টনের সিডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ ক্রিকেট খেলে বাংলাদেশ। যদিও ম্যাচটা ৩ উইকেটে হেরে যায় সাকিব আল হাসান বাহিনী। কিন্তু বাংলাদেশ যেভাবে লড়ছে তাতে যারপরনাই মুগ্ধ সুনীল গাভাস্কার। বলেছেন, ‘বাংলাদেশ চমৎকার ক্রিকেট খেলছে। তাদের হাল্কাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে দেখিয়ে দিয়েছে তারা কতোটা ভালো ক্রিকেট খেলছে। এ ম্যাচে নিউজিল্যান্ডেরও কিছু দুর্বলতা ধরা পড়েছে।’ সিডন পার্কের এ ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৮ রান করে বাংলাদেশ। নাটকীয়তা শেষে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।