বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাগেরহাটের চিতলমারীতে ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় অশোক বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে চিতলমারী উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অশোক বিশ্বাস উপজেলার কালসিডাঙা গ্রামের বাসিন্দা ছিলেন।
চিতলমারী থানার ডুমুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী বটতলা নামক স্থানে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোবাইকে ওঠেন অশোক। এ সময় পেছন থেকে আসা আরেকটি অটোবাইক ওভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়।
গাড়িটি মাটিতে পড়ে থাকা অশোক বিশ্বাসকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর