‘বিচারপতিরা সই করলে, রায় কার্যকরে বাধা থাকবে না’-সুরঞ্জিত সেনগুপ্ত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায়ের কপিতে বিচারপতিরা সই করলে, রায় কার্যকরে আর কোন বাধা থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কিমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
সুরঞ্জিত বলেন, রায়ের কপিতে এখনো সই না করার কোনো কারণ আমি দেখি না। বিচারপতিদের সই করার পর রায় কার্যকর করতেও আর কোনো বাধা থাকবে না। এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনীসহ নতুন করে সংবিধানের প্রিন্ট করার দাবি জানান সুরঞ্জিত সেনগুপ্ত। দ্রুত আমব্রেলা আইন কার্যকর করতেও আইন মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তি হবে।
চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা সম্পর্কে সভাপতি বলেন, আইনমন্ত্রীকে তাগিদ দেওয়া হয়েছে যাতে আগামী এক মাসের মধ্যে এ মামলার নিষ্পত্তি করা হয়। এ মামলায় চারশ’ ৯১ জন সাক্ষীর মধ্যে দুইশ’ ৪৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এখন শুধু ‘ফরমাল’ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই মাসের মধ্যেই তা শেষ হবে। কিন্তু কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এক মাসের মধ্যেই তা শেষ করা উচিত।
এছাড়া বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং আইন প্রণেতা ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।