মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হল দ্বিতীয় শ্রেণির ছাত্রী সিনথিয়া (৬) ও শিশু শ্রেণির ছাত্র নাজমুল (৪)। তারা দু’জনে স্থানীয় দূর্গামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের দূর্গামতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, বিদ্যুৎস্পৃেষ্টের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিনথিয়া ও নাজমুল স্থানীয় একটি মুরগির খামারে যায়। সেখানে খেলার ছলে বৈদ্যুতিক নেটের সঙ্গে স্পৃষ্ট হয়ে দু’জনই ঘটনাস্থলে মারা যায়। সিনথিয়ার বাবা সেরুল ইসলাম বলেন, শেয়াল ধরার জন্য খামারের নেটে বিদ্যুৎ প্রবাহ চালু রাখা ছিলো। সেই নেটের সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনে মারা গেছে।