লক্ষ্মীপুরে খাল থেকে অজ্ঞাত নারী ও শিশুর গলাকাটা লাশ উদ্ধার
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় অজ্ঞাত এক শিশু (১০) ও নারীর (৩২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামের পোড়াখালী মুচার খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে, তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নোয়াখালী জেলা থেকে পানির স্রোতে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এক শিশুর লাশ ভেসে আসে। এর ঘন্টাখানেক পরে একইস্থানে মহিলার লাশটি ভেসে আসে। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিকেলে পুলিশ দুইটি লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, দুই থেকে তিন দিন আগে ওই দু’জনকে গলা কেটে হত্যা করে খালে ফেলা হয় বলে ধারনা করা হচ্ছে। শিশু ছেলেটির সঙ্গে মহিলার চেহারার কিছুটা মিল থাকায় তারা মা ও ছেলে হতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাশটি নোয়াখালী জেলা থেকে ভেসে আসে। তাদের পরিচয় শনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।