লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো যুবদল নেতা
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা মো. ইউছুফ (ওরফে ইউছুফ ড্রাইভার) (৩৫) প্রাণ হারান। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শনিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাজিরহাট ফোরকানিয়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।
ইউছুফ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবদলের সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি, তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। সে চর জাঙ্গালীয়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে ইউছুফ ও তার বন্ধু আমির হোসেন হাজিরহাট থেকে করুনানগর যাচ্ছিলেন। পথে ফোরকানিয়া এলাকা পৌঁছলে ভিতরের রাস্তা থেকে একটি বাইসাইকেল তার মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে; ঘটনাস্থলে যুবদল নেতা ইউছুফ নিহত হয়। আহত হয় তার বন্ধু আমির। এসময় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হন। তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মেদ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।