লিবিয়ায় বাংলাদেশী প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিকডেস্ক: লিবিয়ায় বাংলাদেশী শ্রমিক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকার। সরকারের মুখপাত্র হাতেম উরাইবি শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
উরাইবি অভিযোগ করে বলেন, বাংলাদেশীদের অনেকেই লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তিনি বলেন, ‘বাংলাদেশী শ্রমিকরা আর লিবিয়ায় প্রবেশ করতে পারবে না।’
উরাইবি আরও বলেন, ‘তারা (বাংলাদেশী) লিবিয়ার ফার্মে কাজ করতে আসে। কিন্তু পরে অবৈধভাবে ইউরোপে যায়। সরকারের অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ তবে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাতকারে উরাইবি নিষেধাজ্ঞার ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে রবিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, আমরা আগে থেকেই বাংলাদেশীদের লিবিয়ায় যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছি। ওই দেশ নিরাপদ নয়।
তিনি আরও বলেন, তারা (লিবিয়া সরকার) বাংলাদেশী শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল কিনা সেটা বড় কোনো বিষয় নয়। আমরা ওই দেশে বাংলাদেশীদের যাওয়ার বিষয়টি আগে থেকেই নিরুৎসাহিত করে আসছি।
