অবশেষে মুক্তি পাচ্ছেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক : অবশেষে মুক্তি পাচ্ছেন একাধিক নাশকতার মামলায় আসামি হওয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। এর আগে নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন দিলেও তা স্থগিতের আবেদনের প্রেক্ষিতে ফখরুলের মুক্তি আটকে যায়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, হাইকোর্টের জামিনের কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। দ্রুতই তিনি মুক্তি পাবেন বলে প্রত্যাশা করছি।
এদিকে জ্যেষ্ঠ জেলা সুপার ফরমান আলী মঙ্গলবার বিকেলে জানান, মির্জা ফখরুলের জামিন আদেশের কাগজ তারা বুঝে পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হবে।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেফতার হন মির্জা ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের এক মামলায় ১৬ এপ্রিল হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল।
এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে। আর পল্টন থানার এই তিন মামলায় ২১ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করে।