অভিযোগপত্র দাখিল করা পর্যন্ত ফখরুলের জামিন
স্টাফ রিপোর্টার : নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আদালত বলেছে, এই তিনটি মামলায় অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত মির্জা ফখরুল জামিনে থাকবেন। তবে পুলিশ অভিযোগ পত্র দাখিল করলে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পন করে নিয়মিত জামিন চাইতে হবে।
রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
চলতি মাসে পল্টন থানার দুইটি ও মতিঝিল থানার একটি মামলায় মির্জা ফখরুলকে অন্তবর্তী জামিন দিয়েছিল হাইকোর্ট। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষ রবিবার আদেশের দিন ধার্য ছিল। সকালে আপিল বিভাগ তার জামিন স্থগিত না করে হাইকোর্টের আদেশ বহাল রাখে।