আক্কেলপুরে গাছচাপায় শিশু নিহত
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দক্ষিণ রামশালা এলাকায় সজনে গাছের নিচে চাপা পড়ে সাকিব হোসেন (৯) নামে একটি শিশু নিহত হয়েছে।
গত কাল সকাল ৯টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাকিব উপজেলার জাফরপুর গ্রামের বাবু মনাডলের ছেলে।
পুলিশ জানায়, সকালে রামশালা এলাকায় একটি কাভার্ডভ্যান অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশের সজনে গাছকে ধাক্কা দেয়। এ সময় গাছটি ভেঙে সেখানে দাঁড়িয়ে থাকা সাকিবের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।