Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহর পাঁচ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:   আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক ঘণ্টা আদালতে দাঁড়িয়ে থাকার সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।  নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় বাকি ২২ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- আনু মোহাম্মদ, শিরিন হক, আলী আহম্মেদ, জিয়া উদ্দিন, সি আর আবরার, লুবনা মারিয়াম, মুক্তশ্রী চাকমা সাথী, তিত্রা আলী, দেলোয়ার খোকন, মাসুদ খান, জিয়াউর রহমান, জরিনা নাহার কবির, ফরিদা আক্তার, বিনা ডি কস্তা, আফসান চৌধুরী, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, আনুশে আনাদিল, হানা শামস আহমেদ, লিসা গাজী।

গত বছর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। আদালত অবমাননার দায়ে দণ্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া নাগরিকদের কাছে ব্যাখ্যা চেয়ে গত ১৪ জানুয়ারি আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আদেশে তাদেরকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ওই বিবৃতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

মানবাধিকার কর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন। বিবৃতি দাতাদের মধ্যে ২৬ জন নিঃশর্ত ক্ষমার প্রেক্ষিতে অব্যাহতি পান। তাদের মধ্যে রয়েছেন- আইনজীবী ড. শাহদীন মালিক, এম হাফিজউদ্দিন খান, রিজওায়না হাসান, আসিফ নজরুল, বদিউল আলম মজুমদার, রাশেদা ক চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মোহসিন, লায়লা খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরূপ রাহী, শাহীন আক্তার ও ইলোরা দেওয়ান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করে গত ২ ডিসেম্বর রায় দেয়। এ অর্থ অনাদায়ে তাকে সাতদিনের জেল ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। ব্লগে লেখার মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের কর্তৃত্বকে চ্যালেঞ্জ, বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত বছর ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ। বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দ্য নিউএজ’র বিশেষ প্রতিনিধি।

Leave A Reply

Your email address will not be published.