আফগানিস্তানে তালেবান নেতৃত্বে বিভক্তি
আফগানিস্তানের তালিবান আন্দোলন দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আফগান তালিবানের নতুন নেতা মোল্লাহ আখতার মনসুর শান্তি আলোচনার ব্যাপারে সংশয় প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন।
এই বার্তায় শান্তি আলোচনাকে শত্রুপক্ষের মিথ্যে প্রচারণা বলে বর্ণনা করা হয়েছে। মোল্লাহ মনসুর বলেছেন, তার দল ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যাবে।
তালিবান নেতা মোল্লাহ ওমর মারা গেছেন—এসপ্তাহে এমন খবর প্রচার হওয়ার পর মোল্লাহ মনসুর নতুন তালিবান নেতা হন। কিন্তু তার নেতৃত্বকে মানতে অস্বীকৃতি জানাচ্ছে তালিবান সুপ্রীম কাউন্সিল।
একজন তালিবান মুখপাত্র বলেছেন, মোল্লাহ মনসুরকে নেতা করার আগে সুপ্রীম কাউন্সিলের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। কাজেই সামনের দিনগুলোতে তারা একজন নতুন নেতা নির্বাচন করবেন। সূত্র: বিবিসি।
বাংলাদেশেরপত্র/এডি/পি