Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইউএনওর গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের হুমকি, মামলা দায়ের

সদর প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেনের গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের হুমকিদাতা ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ড্রাইভার আবদুল খালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
জানা গেছে, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেন ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদানের লক্ষ্যে শহরে যাচ্ছিলেন। সরকারি মডেল স্কুলের সামনের সড়কে পৌঁছামাত্রই সদর ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন কয়েক সহযোগী নিয়ে ইউএনওর গাড়ির গতিরোধ করে। এসময় ইউএনওকে তার কথামত কাজ না করলে গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি দেয় কাজী সাখাওয়াত হোসেন। পরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়।
এ ব্যাপারে ইউএনওর গাড়ির ড্রাইভার আবদুল খালেক বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনসহ ৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে বারহাট্টা থানায় মামলা দায়ের করেছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান বলেন, কাজী সাখাওয়াত হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.