ইউক্রেইনে অস্ত্র প্রত্যাহারে সম্মত রুশপন্থী বিদ্রোহীরা
ইউক্রেইনের লুহানস্ক ও দোনেস্কে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ভারি অস্ত্র প্রত্যাহার বিষয়ক এক চুক্তিতে সই করেছেন। রোববার থেকে এই চুক্তি কার্যকরের কথা রয়েছে। বিবিসি বলছে, পূর্ব ইউক্রেইনে অস্ত্র বিরতি বাস্তবায।নের সঙ্গে যুক্ত রাশিয়ার একজন জেনারেল এই তথ্য জানিয়েছেন। মিনস্কে অনুষ্ঠিত শান্তি চুক্তির অন্যতম প্রধান বিষয়ই ছিল কামান প্রত্যাহার। সেই চুক্তি অনুযায়ী মঙ্গলবার থেকে এটি বাস্তবায়নের কথা ছিল। কিন্তু এরপরও কিছু কিছু অঞ্চলে দুইপক্ষের মধ্যেই লড়াই চলতে থাকায় এটি বাস্তবায়ন পিছিয়ে যায়। রাশিয়ার জেনারেল আলেকজান্ডার লেন্তসভ বলেন, পূর্ব ইউক্রেইনের লুহানস্ক এবং দোনেস্কে রাশিয়াপন্থী বিদ্রোহী নেতারা অস্ত্র প্রত্যাহার বিষয়ক একটি চুক্তিতে সই করেছেন। অবশ্য ইউরোপের দূতিয়ালিতে হওয়া শান্তিচুক্তি ভঙ্গ করে ইউক্রেইনে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়াকেই দোষারোপ করেছেন। কেরি লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে আলোচনাকালে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তার মিত্রদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন। অন্যদিকে, ইউক্রেইন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রবিরতির চুক্তি সম্পর্কে তারা সচেতন। ২০১৪ সালের এপ্রিলে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে লড়াই ছড়িয়ে পড়ার ঘটনায় এ পর্যন্ত প্রায় ৫,৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
