Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইরাকে আইএসের শেষ ঘাঁটি তাল আফারে অভিযান শুরু

ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সর্বশেষ ঘাঁটি তাল আফার পুনরুদ্ধারে অভিযানে শুরু করেছে ইরাকি সেনাবাহিনী। গত জুলাই মাসে আইএসের শক্ত ঘাঁটি মসুল দখলের পর সেনাবাহিনীর পাশাপাশি শিয়া মিলিশিয়া ও কুর্দি যোদ্ধারা তাল আফার অভিযানেও অংশ নিয়েছে।

তাল আফার মূলত শিয়া মুসলমান অধ্যুষিত এলাকা। ২০১৪ সালে আইএস এই এলাকাটির দখল নেয়। মসুল এবং সিরিয়ার মাঝামাঝি এই এলাকাটি ছিল জঙ্গিদের রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ রুট। স্থল অভিযানের পূর্বপ্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে ইরাকী বাহিনী আইএসের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করে।

গত রবিবার কালো রঙয়ের সামরিক পোশাক পরিহিত ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তাল আফার মুক্ত করার অভিযান শুরুর ঘোষণা দেন। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি আইএস জঙ্গিদের উদ্দেশ্যে বলেন, হয় ‘আত্মসমর্পণ কর, নয়তো মর।’ আবাদি তার বক্তব্যে ইরাকি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সাথে সারা পৃথিবী আছে।’ আল আবাদির এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরাকি বিমান বাহিনী শহরের বাসিন্দাদের যুদ্ধের ব্যাপারে সতর্ক করে দিয়ে আকাশ থেকে লিফলেট বিলি করে। যেখানে লেখা ছিল, ‘যুদ্ধ আসন্ন এবং আল্লাহর ইচ্ছায় বিজয় নিশ্চিত’।

তাল আফারকে দক্ষিণ দিক দিয়ে ঘিরে রেখেছে ইরাকি সেনাবাহিনী ও শিয়া মিলিশিয়ারা এবং উত্তর দিক দিয়ে ঘিরে রেখেছে কুর্দি জাতীয়তাবাদীদের একটি গেরিলা বাহিনী। একসময় তাল আফারের মেয়রের দায়িত্ব পালন করা একজন ইরাকি কমান্ডার গত মাসে জানান, দেড় থেকে দুই হাজার জঙ্গি এবং তাদের পরিবারের সদস্যরা ইতোমধ্যেই শহরটি ছেড়ে পালিয়েছে।

মেজর জেনারেল নাজম আল-জাবোরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, জিহাদিরা মনোবল হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা মসুলের মতো আর একটি ভয়াবহ যুদ্ধ এ শহরে আশা করেনি। প্রসঙ্গত, মসুলের যুদ্ধ শেষ হতে প্রায় নয় মাস সময় লেগেছিল এবং ইরাকি বাহিনীকে সেখানে ব্যাপক প্রতিরোধের মুখেও পড়তে হয়েছিল। বিবিসি ও আল জাজিরা

Leave A Reply

Your email address will not be published.