ইসি গঠনের পর নির্বাচনকালীন সরকারের কাঠামো দেবে বিএনপি
স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পর বিএনপি নির্বাচনকালীন সরকারের কাঠামো প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আলোচনায় তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। আর এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানান তিনি। শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না, এর জন্য নির্বাচনকালীন সরকারকেও হতে হবে নিরপেক্ষ।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর যখন নির্বাচন হবে, তার আগেই সে সময়ে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য যে সরকার দায়িত্বে থাকবে, তার কাঠামো সম্পর্কে আমরা আমাদের বক্তব্য দেবো। একটা নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ সম্ভব না।’
গত ১৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও বাছাই কমিটি নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা।