ইস্তফা দিলেন মোহাম্মদ নবী
স্পোর্টস ডেস্ক:
মোহাম্মদ নবী আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জের ধরে তিনি পদত্যাগ করেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে আসা আফগানিস্তানকে নেতৃত্ব দেয়ার এক মাসের মাথায় মোহাম্মদ নবী পদত্যাগের ঘোষণা দেন। কারণ হিসেবে তিনি বিশ্বকাপে নিজের ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ করেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে লেখা পদত্যাগপত্রে মোহাম্মদ নবী বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে আমি আফগানিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছি। দল এবং দেশকে জয় এনে দেয়ার জন্য আমি সর্বাÍক চেষ্টা করেছি। দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমার বাজে ব্যাটিংয়ের কারণে দলের অধিনায়কত্বের পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিচ্ছি।’ এসময় বোর্ডের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘বোর্ডের কাছে অনুরোধ, আমার পদত্যাগপত্র গ্রহণ করে যেন দলের একজন সদস্য হিসেবে খেলার সুযোগ করে দেয়া হয়।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে আমরা অত্যন্ত ভালো খেলেছি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে একটি ম্যাচ জিতেছি। আমি দলের হয়ে খেলা চালিয়ে যাবো এবং নতুন অধিনায়ককে পরামর্শ দিয়ে যাবো।’ প্রসঙ্গত, বিশ্বকাপের ৬ ম্যাচে মাত্র ৯০ রান করেন মোহাম্মদ নবী। তবে নিজেদের অভিষেক বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানোর পাশাপাশি আফগানদের লড়াকু মানসিকতা সবার প্রশংসা কুড়িয়েছে।