Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উত্তর গাজায় ১০০ দিনে নিহত বা নিখোঁজ ৫ হাজার

ইসরায়েলি বাহিনীর ১০০ দিনের সামরিক অভিযান এবং অবরোধে উত্তর গাজায় প্রায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনার মাঝেও হামলার তীব্রতা কমেনি।

রবিবার আল জাজিরাকে হাসপাতাল সূত্র জানায়, গত অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে উত্তর গাজায় আরও সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার সরকারি তথ্য দপ্তর ইসরায়েলি বাহিনীর এ অভিযানকে ‘জাতিগত নিধন ও ধ্বংসের ভয়াবহ রূপ’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ইসরায়েলের অবরোধ ওই অঞ্চলের লাখো মানুষের জন্য এক অভিশাপে পরিণত হয়েছে।

আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে জানান, উত্তর গাজা এখন কার্যত একটি ‘ভুতুড়ে এলাকা’তে পরিণত হয়েছে। সেখানকার ধ্বংসযজ্ঞের মধ্যে কিছু মানুষ এখনও নিজেদের ভূমি ছেড়ে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে টিকে আছেন।

তিনি বলেন, “গাজার প্রতিটি স্থান ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। স্কুল, আশ্রয়কেন্দ্র, অস্থায়ী শিবির বা হাসপাতাল—কোথাও নিরাপত্তা নেই।”

উত্তর গাজার প্রধান স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতাল গত ডিসেম্বরে ইসরায়েলি আগুনে পুড়ে যায়। এটি অবরোধেরই অংশ ছিল। এ সময় হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও কোনো তথ্য নেই।

ইসরায়েলি রাজনীতিক এবং বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো উত্তর গাজায় বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছে। তবে গাজার ওপর ইসরায়েলি অবরোধ শেষ হওয়ার কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৬ হাজার ৫৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৯ হাজার ৬৬০ জন। শুধুমাত্র গত এক দিনেই ২৮ জনের প্রাণহানি ঘটেছে।

Leave A Reply

Your email address will not be published.