একাদশে ভর্তির সময় বাড়ল ২৬ জুলাই পর্যন্ত
স্টাফ রিপোর্টার : ভর্তি জটিলতার জন্য দু:খ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখনও যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি, তারা কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই আগামী ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে। রবিবার সকালে সচিবালয়ে একাদশে ভর্তির বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
নুরুল ইসলাম নাহিদ জানান, ‘মোট চার ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রথম মেধা তালিকায় যাদের নাম ছিল তারা ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ভর্তি হয়েছেন। যারা প্রথম মেধা তালিকায় ভর্তি হতে পারেননি ও দ্বীতীয় মেধা তালিকায় নাম আসবে তারা দ্বিতীয় ধাপে ৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ৭ ও ৮ জুলাই ভর্তি হবেন। যারা মেধা তালিকায় সুযোগ পেয়েও ভর্তি হননি বা নির্বাচিত হননি তারা কোনো প্রকার ফি ছাড়াই ৫টি কলেজে আসন ফাঁকা থাকার শর্তে ৯ ও ১০ জুলাই আবেদন করতে পারবেন। ১১ জুলাই এই আবেদনের ফল প্রকাশিত হবে এবং ১২ জুলাই তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।
তিনি আরও বলেন, এর পরেও যারা ভর্তি হতে পারেননি বা অনলাইনে আবেদন করেননি তারা কোনো প্রকার ফি ছাড়াই ১৩ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২৩ জুলাই এ আবেদনের ফল প্রকাশ করা হবে। ২৫ ও ২৬ জুলাই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
ভর্তির ভোগান্তিকে ‘উন্নয়নের বেদনা’ বলে অভিহিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কম ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছি। আমাদের প্রযুক্তিগত ক্ষমতা, সক্ষমতা ও সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় সমস্যা হয়েছে। আমরা নিশ্চিত, এবারের মতো সমস্যা ভবিষ্যতে থাকবে না।’
তিনি জানান, অনলাইনে ভর্তির আবেদন করেছিলেন ১১ লাখ ৫৬ হাজার ২২৪ শিক্ষার্থী। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন।