এবার লক্ষ্য নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক:
স্বপ্নের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়া জয় দিয়ে এখন বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে টিম বাংলাদেশ। তবে পুল এ তে এখনও একটি ম্যাচ বাকি। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। শেষ আট ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত বাংলাদেশ। সাত ম্যাচে জয়, এক ম্যাচ পরিত্যক্ত। এমন পরিসংখ্যানের আলোকে বাংলাদেশই হট ফেবারিট, এমনটি ভাবাই স্বাভাবিক। তবে প্রেক্ষাপট ভিন্ন। নিউজিল্যিান্ড খেলছে নিজেদের পরিচিত কন্ডিশনে। এ পুলে এখনও একটি ম্যাচেও হারেনি তারা। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়। তারা হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকেও। সেই হিসাবে বাংলাদেশের সামনে রুদ্ররূপেই হাজির হতে পারে ব্রেন্ডন ম্যাককুলাম শিবির। তবে বাংলাদেশের হারানোর কিছু নেই। এই ম্যাচটি হবে কোয়ার্টার ফাইনালের আগে প্রস্তুতি। তবে জিততে পারলে ভালো, সে ক্ষেত্রে শেষ আটে এড়ানো যাবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। আগামী শুক্রবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচটিকে হালকা করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তার মতে, ‘প্রতিটি সুযোগ আমরা কাজে লাগাতে চাইব। আমাদের সামনে আরেকটি ভালো সুযোগ আছে। বিশ্বকাপ ম্যাচে কেউ হারতে চায় না।’ বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয়ও নিউজিল্যান্ড। তবে তাদের মুখোমুখি হওয়া নিয়ে কোনো দুর্ভাবনা নেই বাংলাদেশের অধিনায়কের। ‘কার বিপক্ষে খেলতে হবে, কি হবে, তা কোনো ব্যাপার না। ছন্দের জন্য, প্রস্তুতির জন্য আমরা সিরিয়াস থাকবো।’ এই ম্যাচ থেকেই কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিতে চান টাইগার দলপতি। তিনি বলেছেন, ‘আমাদের বোলাররা, ব্যাটসম্যানরা যে ছন্দটা পেয়েছে, কোয়ার্টার-ফাইনালের ম্যাচে এটা ধরে রাখাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সবাই সিরিয়াস থাকবে। আশা করি, সবাই ভালো খেলবে।’