খুলনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদককে পিটিয়ে হত্যা
খুলনা ব্যুরো:
বালি চুরির ঘটনা মসজিদের মুসল্লীদের সামনে প্রকাশ করার অপরাধে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান মোল্যা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা মৌলভীপাড়া নামক স্থানে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা মৌলভী পাড়া এলাকার একটি মসজিদের পুকুর ভরাটের জন্য বালি এনে রাখা হয়। কিন্তু প্রতিবেশী আমিনুল ও তার সহযোগীরা রাতের আঁধারে ওই বালি থেকে কিছু বালি চুরি করে নেয় বলে অভিযোগ ওঠে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও একই গ্রামের বাসিন্দা ফরিদুজ্জামান শুক্রবার জুম্মার নামাজের সময় বিষয়টি মসজিদে আগত মুসল্লিদের অবগত করেন। কিন্তু আমিনুর ও তার সহযোগীরা অভিযোগ অস্বীকার করে মসজিদের ভিতর প্রতিবাদ জানায় ও ফরিদুজ্জামানকে মারতে উদ্যত হয়। এক পর্যায়ে জুম্মার নামাজ ও মসজিদ কমিটির মিটিং শেষে ফরিদুজ্জামান একা বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আমিনুল ও তার সহযোগীরা ফরিদুজ্জামানকে লাঠি দিয়ে বেদম মারপিট করে।
এক পর্যায়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন ফরিদের বাড়িতে খবর দিলে তারা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।