চট্টগ্রাম বিভাগীয় ভিজিডি প্রোগ্রাম রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০১৫-২০১৬ চক্রে চট্টগ্রাম বিভাগের ‘ভিজিডি প্রোগ্রাম রিভিউ ওয়ার্কশপ’ চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গত ৪ জুন আয়োজিত দিনব্যাপি এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: আইনুল কবীর, যুগ্ম সচিব (উন্নয়ন), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ অতিথি ছিলেন- ড. অনুপম সাহা, অতি: জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম ও জনাব মো: আবুল কাসেম উপপরিচালক (ভিজিডি), মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা। স্বাগত বক্তব্য রাখেন জনাব অঞ্জনা ভট্টাচার্য্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, চট্টগ্রাম। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট জেলার ভিজিডি কার্যক্রম বাস্তবায়নকারী এনজিও সমূহের প্রতিনিধিবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন, জনাব শাহনওয়াজ দিলরুবা খান, অতি: পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আতিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: আইনুল কবীর বলেন, বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী হচ্ছে এই ভিজিডি কর্মসূচী। যেখানে উপকারভোগী মহিলাদের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থসামাজিক ও ব্যক্তিগত চিন্তা, ধ্যান-ধারনার উন্নতি ঘটানোই মূল লক্ষ্য। এই রিভিউ ওয়ার্কশপের মাধ্যমে অংশগ্রহণকারীদের নিকট থেকে উঠে আসা বিভিন্ন গঠনমূলক মন্তব্য ও সুচিন্তিত মতামত আমাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করি। তিনি এই ওয়ার্কশপের সফলতা কামনার মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি অতি: জেলা প্রশাসক (সার্বিক) জনাব ড. অনুপম সাহা বলেন, “নারীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ভিজিডি কর্মসূচীর মাধ্যমে এ কার্যক্রমে আরো বেশি গতিশীলতা সৃষ্টি হয়েছে।” চট্টগ্রাম অঞ্চলে এ কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় সভাপতি জনাব শাহনওয়াজ দিলরুবা খান বলেন, এই রিভিউ ওয়ার্কশপের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে কার্যক্রম বাস্তবায়নকারী এনজিওদের কাজের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ করনীয় সম্পর্কে একটি দিক নির্দেশনা তৈরির প্রাথমিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সমসাময়িক বিষয়ক যেমন, ভূমিকম্পে করণীয়, আগুন লাগা প্রভৃতি বিষয়গুলো প্রশিক্ষণে অন্তর্ভূক্তি এবং মডিউলগুলো আরো বেশি সমৃদ্ধ করণের কাজ চলমান রয়েছে। তিনি এই কর্মসূচীর সফলতা কামনা করেন।
এরপর প্রশ্নমালার আলোকে দলীয় কাজের মাধ্যমে সার্বিক বাস্তবায়ন অগ্রগতির তথ্য যাচাই করা হয়। এই কর্মসূচী বাস্তবায়নে বিদ্যমান সমস্যা সমাধানে করণীয়, সুপারিশ ও মতামত গ্রহণ করার মধ্য দিয়ে ওয়ার্কশপ শেষ হয়।