টেস্ট সিরিজ জিতেই সফর শেষ পাকিস্তানের
স্পোর্টসডেস্ক: শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জিতেই সফর শেষ করল পাকিস্তান। সিরিজের শেষ টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী। ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-২০ ম্যাচে পাকদের নাস্তানাবুদ করলেও ঢাকা টেস্টে কোনো ধরনের প্রতিরোধই গড়তে পারেননি মুশফিকরা।
এর সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় সফরকারীরা। ৫৫৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। জবাবে ২০৩ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে স্বাগতিকরা। তবে পাকিস্তান বাংলাদেশকে পুনরায় ব্যাটে না পাঠিয়ে নিজেরাই ব্যাটে নামে। এবার অবশ্য ভালো করছিল মুশফিকরা। ১৯৫ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান।
