ঠাকুরগাঁওয়ে চোখ উপরে নৃশংস ভাবে যুবককে হত্যা
আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ৫শ গজ পূর্বে রাজাগাঁও সরকারপাড়া নামক স্থানে একটি কচুক্ষেতে ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রুহিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
স্থানীয় রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম জানান, মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স হবে ২৫-৩০ বছর।
রুহিয়া থানার ওসি খান মো. শাহারিয়ার জানান, রাজাগাঁও গ্রামের কৃষকেরা সকালে জমিতে রোপা লাগাতে গিয়ে স্থানীয়রা কাঁচা রাস্তার দক্ষিন পাশের কচু ক্ষেতের পাশে ফারুক হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
লাশের পাশে একটি ধারালো চাকু, রশি ও ৩টি স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। রশি দিয়ে লাশের হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো ছিল। হত্যার পূর্বে খুনিরা লাশের দু’চোখ উপড়ে ফেলে।
পুলিশের ধারনা, মৃত ফারুক হোসেনকে খুনিরা ঘটনাস্থলের পাশে রাস্তা থেকে টেনে হিচড়ে কচুক্ষেতে নিয়ে গিয়ে হাত পা বেঁধে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে লাশ আড়াল করতে ক্ষেতের আইলের বুকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রুহিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।