Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকার তিন কলেজে ভর্তি: হাইকোর্টের আদেশ বহাল

স্টাফ রিপোর্টার: 
রাজধানীর নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ভর্তির নিয়ম স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশই বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে ঐ কলেজগুলোতে পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে কোনো বাধা থাকছে না।
মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১ জুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এর ভিত্তিতে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়। এরপর নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন মন্ত্রণালয়ের ওই নীতিমালা চ্যালেঞ্জ করে পরীক্ষা নিয়ে ছাত্র ভর্তির জন্য উচ্চ আদালতে আবেদন করেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে ভর্তিতে মন্ত্রণালয়ের নীতিমালার ছয়টি ধারা চ্যালেঞ্জ করা হয় তাদের রিট আবেদন।
সোমবার এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ ওই তিন কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ছয় মাসের জন্য স্থগিত করে দেয়। ওই নীতিমালার ছয়টি ধারা কেন ‘আইনগত কর্তৃত্ববহিভূর্ত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করে হাইকোর্ট।
শিক্ষা মন্ত্রণালয় ওই স্থগিতাদেশের বিরুদ্ধে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আবেদন করে। রাষ্ট্রপক্ষে এ বিষয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে তিন কলেজের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন শুনানিতে অংশ নেন।

শুনানির পর আইনজীবী তানিম হোসেইন বলেন, চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দিয়েছেন। এর ফলে হাইকোর্টের স্থগিতাদেশই বহাল থাকল। তিন কলেজে পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।

Leave A Reply

Your email address will not be published.