তিন অঞ্চলের তিন কাহিনী
বিনোদন ডেস্ক:
চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট- ভাষার ভিন্নতার কারণে এ তিনটি জেলার বাসিন্দারা সবসময়ই আগ্রহের পাত্র। তাদের ভাষা, সংস্কৃতি, জীবনধারা বাস্তব জীবন ছাড়িয়ে উঠে এসেছে পর্দায়ও। বিভিন্ন সময় এ জেলাগুলোর স্বাতন্ত্রকে পুঁজি করে তৈরি হয়েছে টিভি নাটক। বেসরকারি টিভি চ্যানেল জিটিভি সেটাই করছে। তবে আরও পরিকল্পিতভাবে। এবার ঈদে তারা প্রচার করবে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের তিনটি আঞ্চলিক নাটক। বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট এলাকার কলাকুশলীরা রয়েছেন। চট্টগ্রামের নাটকটির নাম ‘চট্টলা এক্সপ্রেস’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন স্বাধীন খসরু, উর্মিলা শ্রাবন্তী কর ও ইরফান সাজ্জাদ। প্রচার হবে ঈদের দিন। রুমেল নামে সিলেটের এক যুবকের লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে নাটক ‘লন্ডন ড্রিম’। লিখেছেন ও পরিচালনা করেছেন আরবি প্রীতম। অভিনয়ে সাজু খাদেম, শানারেই দেবী শানু ও সামিরা খান মাহি। প্রচার হবে ঈদের পরদিন।তৃতীয় নাটকটি রাজশাহীর। নাম ‘সিল্ক সিটি’। অভিনয় করেছেন শ্যামল মাওলা, রহমত আলী, ওয়াহিদ মল্লিক জলি প্রমুখ। লিখেছেন ও পরিচালনা করেছেন মঞ্জুরুল হাসান। প্রচার হবে ঈদের তৃতীয় দিন। তিনটি নাটকই দেখা যাবে বিকেল ৫টা ২০ মিনিটে।