দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ
সফররত দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ। রোববার মিরপুরের শের- ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৭ ওভার ৩ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে ফেলে টাইগাররা।
ব্যাটিংয়ে নেমে আজ প্রথম ওভারে ৫ রান সংগ্রহের পর দ্বিতীয় ওভারের প্রথম বলেই ‘ডাউন দ্য উইকেট’ খেলতে এসে উইকেট বিলিয়ে দেন তামিম ইকবাল (০৫)। দলীয় ২৪ রানের মাথায় বোল্ড হয়ে ফিরে যান লিটন কুমার দাশ (১৭)। দুটি উইকেটই তুলে নেন প্রথম ম্যাচে ৬ উইকেট শিকারি প্রোটিয়া ফাস্ট বোলার রাবাদা।
তবে তৃতীয় উইকেটে সৌম্য-মাহমুদুল্লাহ মিলে ১৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে অ্যাবটের বলে আমলার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রিয়াদ। উইকেটে আসা সাকিবকে নিয়ে বাকী কাজটা সেরে নেন সৌম্য। শেষ পর্যন্ত ৮৮ রানে অপরাজিত থাকা এ ওপেনার আজ বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুততম অর্ধশকের রেকর্ড গড়েছেন।
ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে। সেরা বাংলাদেশি খেলোয়াড়ের পুরস্কার নেন নাসির হোসেন।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টাইগারদের বোলিং দাপটে ১৬২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৬৩ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে সিরিজ বাঁচাতে আজ জিততেই হতো।
আজ ইনিংসের শুরু থেকেই প্রোটিয়া ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীরা ৪ ওভার বাকী থাকতেই অল আউট হয়। টাইগারদের পক্ষে মুস্তাফিজুর রহমান ও নাসির হোসেন তুলে দেন ৩টি করে উইকেট। রুবেল হোসেন দুটি এবং মাশরাফি ও মাহমুদউল্লাহ নেন একটি করে উইকেট।