দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সব শাখা ক্যাম্পাস (আউটার) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মঙ্গলবার (২৬ জুলাই) নোটিশ জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলালউদ্দিন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দারুল ইহসানের নানা অনিয়ম তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তদন্ত কমিশন সনদ বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।