দেশে জঙ্গি হামলার পরিকল্পনাকারী ৮ বাংলাদেশি সিঙ্গাপুরে আটক
বিডিপি প্রতিবেদক: দেশে হত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত এপ্রিলে তাদের আটক করা হয় বলে আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।আটকররা হলেন মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিজ দেশে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ ষড়যন্ত্র করা হয়। সন্দেহভাজন এসব ব্যক্তির মূল পরিকল্পনা ছিল সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং সরকারি ও সেনা কর্মকর্তাদের নামের তালিকা পাওয়া গেছে। এসব কর্মকর্তাকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক আটজনের মধ্যে মিজানুর রহমান সিঙ্গাপুরে নিরাপত্তা পাস (এস-পাস) হোল্ডার। আর বাকি সাতজন ওয়ার্ক পারমিট হোল্ডার। তারা সবাই স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ও মেরিন প্রতিষ্ঠানে কর্মরত।