নওগাঁয় দেশের বৃহত্তম চুনাপাথর খনির সন্ধান
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলার বদলগাছিতে দেশের বৃহত্তম চুনাপাথর খনি আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । সেখান ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মাটির তলদেশে এই বিশাল খনিজ সম্পদের সন্ধান মিলেছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নসরুল হামিদ এ কথা জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এই খনিজ সম্পদটি আর আমদানি করতে হবে না বাংলাদেশকে। সিমেন্টের কাঁচামাল হিসেবে যার ব্যাপক ব্যবহার রয়েছে।
নসরুল হামিদ জানান, বাংলাদেশ ভু-তাত্ত্বিক জরিপ বিভাগের বিজ্ঞানীরা এই খনি আবিষ্কার করেছেন। ২২১৪ ফুট মাটির গভীরে এর সন্ধান মিলেছে। ওই স্তর থেকে শুরু হয়ে আরও গভীরে বিস্তৃত রয়েছে খনিটি। এরই মধ্যে ৬১ ফুট পর্যন্ত খনন করে চুনাপাথর মিলছে। ড্রিলিং অব্যাহত রয়েছে আশা করা যাচ্ছে আরও অনেক পুরু হবে এই খনিটি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, এখন ফিজিবিলিটি স্টাডি করে দেখা হবে এই খনিজ সম্পদ বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব কিনা। সে কাজে দেড় থেকে দুই বছর সময় লাগবে। আর বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে বাংলাদেশে সিমেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় চুনাপাথর আর বিদেশ থেকে আনতে হবে না।