নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগে ১২ জনের মৃত্যু
নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। সেখানে নিউমোনিয়া ধরনের এ ব্যাধিতে এ পর্যন্ত ১১৩ জন আক্রান্ত হয়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানান। নিউইয়র্ক নগরীর অপেক্ষাকৃত কম সমৃদ্ধ দক্ষিণ ব্রনক্সে গত ১০ জুলাই এ ব্যাধি ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ৭৬ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। মেয়র বিল ড্য ব্লাসিও বলেন, ছড়িয়ে পড়া এ ব্যাধির প্রভাব ক্রমেই কমে আসছে। এক ধরণের জীবাণু থেকে এ ব্যাধি ছড়ায়। দক্ষিণ ব্রনক্স এলাকার ১৩ তলাবিশিষ্ট একটি ভবনের কুলিং টাওয়ার থেকে এ জীবাণু ছড়ায়। তবে পরে ওই ভবনের কুলিং টাওয়ারগুলো পরিষ্কার করে জীবাণু মুক্ত করা হয়েছে। কর্মকর্তারা জোর দিয়ে বলেন, যারা মারা গেছেন তারা সকলেই বয়স্ক। আগে থেকেই তাদের নানা ধরনের জটিলতা ছিল। লিজিওনেয়ার্স ব্যাধি সংক্রামক ব্যাধি নয় এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে এ ব্যাধির জীবাণু ধ্বংস করা যায়।