নেইমারকে ছাড়াই কোপা জিততে পারে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক:
চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে কোপা আমেরিকা থেকে ‘নির্বাসিত’ হয়েছেন নেইমার। এই বার্সা তারকার না থাকাটা দুঃখজনক হলেও দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই ব্রাজিল কোপা আমেরিকা জয়ের সামর্থ্য রাখে বলে জানিয়েছেন দলটির ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। গ্র“প ‘সি’ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ‘বিতর্কিত’ কর্মকাণ্ডের জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার জুনিয়র। ফলে এই বার্সেলোনা তারকার কোপা অভিযান তিক্ততায় শেষ হয়ে গেছে। শনিবার কোপার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ফিরমিনোর বিশ্বাস, অধিনায়ক নেইমারের অনুপস্থিতেই তারা দিন দিন উন্নতি করছেন। এমনকি নেইমারকে ছাড়াই কোপা শিরোপা জয়ের আশাবাদ শোনান হফেনহেইম থেকে লিভারপুলে নাম লেখানো এই তরুণ তারকা। ফিরমিনো বলেন, ‘অবশ্যই তার নিষেধাজ্ঞা ও কোপা থেকে বাদ পড়া নিয়ে আমরা ব্যথিত। তবে তাকে ছাড়াই আমরা দিন দিন আরো ভালো খেলার চেষ্টা করছি এবং তাকেই ছাড়াই আমরা কোপা জয়ের সামর্থ্য রাখি।’ কোয়ার্টার ফাইনালের লড়াই খুব একটা সহজ হবে না বলে মনে করেন ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফিরমিনো বলেন, ‘নকআউট পর্ব থেকেই আসল লড়াই শুরু হবে। নকআউট পর্বের লড়াই সহজ হবে না। দক্ষিণ আমেরিকান সবগুলো দলই সফলতা পেতে কঠোর পরিশ্রম করছে। তবে আমাদের স্কোয়াড দিন দিন আরো শক্তিশালী হচ্ছে।’ আগামী শনিবার শেষ কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। গতবার এই প্যারাগুয়ের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় সেলেসাওরা। ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচে জয় পাওয়া দলটি আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে জয় পাওয়া দলের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে।