Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নেপালে  উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়ে অসন্তোষ

image2আন্তর্জাতিক ডেস্ক;

ভয়াবহ ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করতে ভুল করার কথা স্বীকার করেছেন নেপালি কর্মকর্তারা। শনিবার দুপুরের আগ মুহূর্তে সংগঠিত ৭ দশমিক ৯ মাত্রার এই প্রাকৃতিক দুর্যোগে বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে অনুযায়ী ৪,৭৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯,৬০০ জনেরও বেশি মানুষ। একই ভূমিকম্পে প্রতিবেশি ভারত ও তিব্বতে আরও ৮০ জন নিহত হয়েছেন। বুধবার ভূমিকম্পের প্রায় চারদিন পরও পর্বতময় দেশটির দুর্গম, প্রত্যন্ত গ্রাম ও ছোট শহরগুলোতে জীবিত মানুষগুলো ত্রাণের আশায় পথ চেয়ে আছেন। দেশজুড়ে ভূমিকম্পের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করে উঠতে পারেনি নেপাল সরকার। সারা বিশ্ব থেকে সরবরাহ করা ত্রাণ ও ত্রাণ কর্মীদের ভিড় বাড়তে থাকলেও পর্বতময় অনেক এলাকায় এখনও পৌঁছানো যায়নি। এ পরিস্থিতিতে দুর্গতদের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ ধূমায়িত হচ্ছে। দেশটির অনেক বাসিন্দা গত চাররাত ধরে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে রাত কাটাতে বাধ্য হচ্ছেন, এদের কারও কারও অস্থায়ী তাঁবুতে ঠাঁই হলেও সবার হচ্ছে না। খাবারের অভাব, পরিষ্কার পানযোগ্য পানির অভাব, পয়ঃনিষ্কাশন সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। মঙ্গলবার রাতে নেপালের যোগাযোগমন্ত্রী মিনেন্দ্রা রিজাল বলেছেন, “এই দুর্যোগের ভয়াবহতা অকল্পনীয়। ত্রাণ অভিযান সমন্বয়েও কিছু দুর্বলতা রয়ে গেছে।” “বুধবার থেকে পরিস্থিতির উন্নতি করব আমরা,” বলেছেন তিনি। প্রত্যন্ত গ্রাম ও ছোট শহরগুলো থেকে হতাহতের তথ্য আসার পর নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশিল কৈরালা। ওই সংখ্যা সত্য হলে তা ১৯৩৪ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। ৮০ বছর আগের ওই ভূমিকম্পে ৮,৫০০ মানুষ নিহত হয়েছিল। ভূমিকম্পের পরপরই হাসপাতালগুলো আহত লোকজনে উপচে পড়ে, এদের অনেককেই হাসপাতালের মেঝেতে বা বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ চিকিৎসার ন্যূনতম সুযোগওটিও পাননি। দেশটির পররাষ্ট্র সচিব শঙ্কর দাস বৈরাগি বিদেশি রাষ্ট্রগুলোর কাছে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া উদ্ধারকারী দল পাঠানোরও অনুরোধ জানিয়েছে তিনি।   এর আগে নেপালি কর্মকর্তারা এ ধরনের দল পাঠানোর আর দরকার নেই বলে মন্তব্য করেছিলেন। ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পর বিধ্বস্ত অনেক এলাকায় জীবিতদের উদ্ধারের চেষ্টা কোনো ফল বয়ে আনবে না বলে ধারণা প্রকাশ করেছে কোনো কোনো অভিজ্ঞ আন্তর্জাতিক উদ্ধারকারী গোষ্ঠী ও বেসরকারি সংস্থা।

Leave A Reply

Your email address will not be published.