নৌ-মন্ত্রীর আশ্বাসে শ্রমিকদের ধর্মঘট স্থগিত
বিডিপি ডেস্ক: মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে আন্দোলরত নৌযান শ্রমিকরা মন্ত্রীর সঙ্গে আলোচনার পর ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন। সচিবালয়ে মঙ্গলবার নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে নৌযান মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের আট ঘণ্টার বৈঠক শেষে রাত ১০টায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে নৌযান মালিকরা এই সিদ্ধান্তে একমত না হয়ে সভাকক্ষ ছেড়ে চলে যান।
বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম সাংবাদিকদের বলেন, বেতন পুনর্বিবেচনার দাবি রেখে আমরা কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।
নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ক’ শ্রেণির শ্রমিকদের মূল বেতন ১০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির সাড়ে ৯ হাজার এবং ‘গ’ ক্যাটাগরির শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯ হাজার টাকা ঘোষণা করছি। তবে এটা পুর্নবিবেচনার সুযোগ থাকবে।
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন গত ২০ এপ্রিল মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করে। এরপর যাত্রীবাহী নৌযান ধর্মঘট গত ২২ এপ্রিল মধ্যরাতে স্থগিত হলেও মালবাহী নৌযানে ধর্মঘট চলছিল।