পাকুন্দিয়ার আল-আমিন কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম ক্রিকেট ‘ফটো জাদুঘর’ স্বীকৃতির দাবি পৌর
প্রতিনিধি, পাকুন্দিয়া:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার আল-আমিন কর্তৃক প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট ফটো জাদুঘর’ কে বাংলাদেশের প্রথম ক্রিকেট ফটো জাদুঘর হিসেবে স্বীকৃতির দাবিতে পাকুন্দিয়ায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পাকুন্দিয়া যুব ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা যায়, উপজেলার মধ্যপাড়া গ্রামের মাইক্রোবাসচালক আল-আমিন তার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও নিজ অর্জিত সীমিত অর্থ দিয়ে তিলতিল করে দীর্ঘ ১০ বছরে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট ফটো জাদুঘর’ নামে একটি ক্রিকেট ফটো জাদুঘর প্রতিষ্ঠা করেন।
মো. আল-আমিন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, দেশে ক্রিকেট নিয়ে কোন জাদুঘর নেই। তার এই কষ্টের ফসল ক্রিকেট জাদুঘরটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। এসময় সে ক্রীড়ামন্ত্রী, বিসিবি প্রধান ও জাতীয় দলের খেলোয়াড়দের তার এই ক্রিকেট জাদুঘরটি অন্তত একবারের জন্য হলেও পরিদর্শনের অনুরোধ জানান।
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও ইউএনও মোহাম্মদ মোশাররফ হোসেন খানসহ স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পাকুন্দিয়া যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, আল-আমিন পাকুন্দিয়ার গর্ব। সে যা করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আল-আমিনের এই ক্রিকেট জাদুঘরটি দেশের প্রথম ক্রিকেট জাদুঘর হিসেবে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, আল-আমিনের ক্রিকেট ফটো জাদুঘরটি তিনি পরিদর্শন করেছেন। আল-আমিনের এই জাদুঘরটি যেন জাতীয়ভাবে স্বীকৃতি পায় সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা তিনি করবেন। আল-আমিন যাতে বিনা পয়সায় দেশে ও দেশের বাইরে সরাসরি বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখার সুযোগ পায় সেজন্য কোম্পানিগুলোকে স্পন্সর হয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।