পেদ্রোর প্রশংসায় মেসি
লিওনেল মেসি নিজে দুটি গোল করেছেন। আর তার দুই দৃষ্টিনন্দন গোলের জন্য মেসি ভাসছেন প্রশংসার বন্যায়। কিন্তু এলো যখন সেভিয়ার সাথে উয়েফা সুপার কাপের প্রসঙ্গ তখন পেদ্রোতে মুগ্ধ মেসি নিজে। তার বার্সেলোনা সতীর্থ অতিরিক্ত সময়ে গোল করে দলকে জিতিয়েছেন শিরোপা। ৫-৪ গোলের সেই জয়ের পর মেসি বললেন, পেদ্রো যেখানেই যাক সেটা তার প্রাপ্য। যদিও স্বীকার করলেন, পেদ্রোর ভবিষ্যতের কথা তার জানা নেই।
মেসির নেয়া ফ্রি কিক থেকে ফিরে আসা বলকে জালে জড়িয়েছেন পেদ্রো। সময়টা খেলার ১১৫ মিনিট। ওই গোলেই মৌসুমটা শিরোপা জয় দিয়ে শুরু করতে পেরেছে বার্সেলোনা। তাদের টার্গেট বছরের ৬ শিরোপার চারটি জেতা হলো। ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি রবার্ত ফার্নান্দেজ বলেছেন, পেদ্রো বার্সা ছেড়ে চলে যেতে চান।
পেদ্রো অবশ্য ম্যাচের পর বলেছেন, ফার্নান্দেজ না বুঝেই বলে দিয়েছেন কথাটা। তিনি বার্সেলোনাতেই থাকতে চান। কিন্তু পরিস্থিতিটা জটিল। ২৮ বছর বয়সী এই উইঙ্গারের জয়সূচক গোলটির পর খেলার ভাগ্য নির্ধারিত হলো। আর ম্যাচের পর মেসি তার স্প্যানিয়ার্ড সতীর্থের প্রশংসায় হলেন পঞ্চমুখ। বললেন, “সে যেভাবে খেলেছে তাতে এটা তার প্রাপ্য ছিল। তার সাথে কি হবে তা আমার জানা নেই-সিদ্ধান্তটা নিতে হবে তাকেই-কিন্তু যা হোক তা তার প্রাপ্য।”
বার্সেলোনা এগিয়ে ছিল ৪-১ গোলে। তারপর সেভিয়া ৪-৪ গোলের সমতা এনে ম্যাচকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। পেদ্রো শেষ পর্যন্ত নিশ্চিত করেন ক্লাবের এই মৌসুমের প্রথম শিরোপা। ম্যাচের বিশ্লেষনে মেসি বলেছেন, “আমাদের শুরুটা খুব ভালো ছিল। দারুণ লিড নিয়েছিলাম। কিন্তু বাস্তবে সেই ম্যাচই জেতা কঠিন হয়ে গিয়েছিল। খেলা জিততে সবকিছুই আমরা করেছি। কিন্তু একটু গা ছাড়া হয়ে গিয়েছিলাম। তাতে ভুগতে হলো। শেষ পর্যন্ত অবশ্য জিতলাম।” মেসির চোখ এখন আরেকটি শিরোপার দিকে। বলেছেন, “গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সুপার কাপ জিতে মৌসুমটা ভালো ভাবে শুরু করা। এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিরোপার দিকে নজর দিতে হবে অ্যাথলেতিকের বিপক্ষে।” অ্যাথলেতিকের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের লড়াই বার্সেলোনার। –
