টেস্ট ম্যাচের জন্য টাইগারদের দল ঘোষণা
ইংল্যাস্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রবিবার ১৪ সদস্যের দল ঘোষণা করে বোর্ড। দলের অধিনায়ক থাকছেন মুশফিকুর রহিম।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২৮ অক্টোবর। ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য সাব্বির। ২৯ ওয়ানডে ও ২৬ টি-২০ ম্যাচে নিজের জাত ইতোমধ্যেই চিনিয়েছেন তিনি। আর গতকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন সাব্বির। ২৭ রানে ৩ উইকেট নেয়া ছাড়া ব্যাট হাতে ৩০ রান করেন তিনি। তাই প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেলেন ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৮৪০ রান করা সাব্বির।
সাব্বির প্রথম টেস্ট দলে হলেও, প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন সর্বশেষ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দেয়া মিরাজ। প্রথম শ্রেনির ক্রিকেটে ১২ ম্যাচে ৫২৪ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নৈপুণ্য দেখাতে পারেন মিরাজ। তার উইকেট শিকারের সংখ্যা ৪১টি। তাই অলরাউন্ডার হিসেবেই দলে সুযোগ পেলেন মিরাজ।
দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন নুরুল হাসান। টেস্ট দলে প্রথম হলেও, ইতোমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে এটেছেন তিনি। ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন নুরুল। ৬টি টি-২০ তার রান সর্বমোট ৫৪। তবে ৪৯টি প্রথম শ্রেনির ম্যাচে ২৪২৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
পেসার হিসেবে জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেলেন রাব্বি। ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্স করা রাব্বি, নজরে এসেছেন নির্বাচকদের। ৪৭ ম্যাচে ১০৩ উইকেট নিয়েছেন তিনি।
টেস্ট ফরম্যাটে সর্বশেষ ২০১৫ সালের ৩০ জুলাই ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে টাইগাররা।
দলে নতুন সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বী বাপ্পী ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বী। বিডিপত্র/আমিরুল