চট্টগ্রামে ক্ষতিকর ফার্নিচারের রঙ দিয়ে আইক্রিম বানানোয় কোহিনূর ও লাকি আইসবার বন্ধ
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে দুটি আইসক্রিম তৈরি করা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর চান্দগাঁও নূর নগর এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্টেট রুহুল আমিন।
অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে কোহিনূর আইসবার কে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে লাকি আইসবার নামের আরও একটি প্রতিষ্ঠানকেও নানা অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওই প্রতিষ্ঠানের মালিক না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি।
নির্বাহি ম্যাজিস্টেট রুহুল আমিন জানান, কোহিনূর আইস বার এ অভিযানকালে দেখা যায়, বিভিন্ন ধরনের ক্ষতিকর ফার্নিচারের রঙ দিয়ে আইসক্রিম বানানো হচ্ছে।পাশাপাশি সেখানে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ঘনচিনি এবং স্যাকারিন।এর পাশাপাশি প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সনদবিহীন এবং সিটি করপোরেশন থেকে বরফ বানানোর লাইসেন্স নিয়ে আইসক্রিম বানাচ্ছিল।
তিনি আরও জানান, একই এলাকার লাকি আইসবার এ অভিযান চালিয়ে একই ধরনের অনিয়ম পাওয়া যায়।তবে মালিককে না পাওয়ায় তা তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় দুই হাজার পিস ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মেশানো আইসক্রিম ড্রেনে ফেলে ধ্বংস করা হয়।