বাংলাবান্ধা দিয়ে নেপালে ত্রাণ পাঠানো শুরু
পঞ্চগড় প্রতিনিধি : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের জনগণের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৩৭৫ টন চাল পাঠানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ দেলোয়ার বখত, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. আতিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মেহেদি জানান, জেলার চারটি উপজেলার খাদ্য গুদাম থেকে ১৫টি ট্রাকে ৩৭৫ টন চাল পাঠানো হয়েছে। এ সব খাদ্য গুদাম থেকে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানো হবে।
