বিলবোর্ড বাংলাদেশের নতুন উপদ্রব : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিলবোর্ড বাংলাদেশের নতুন উপদ্রব। সবাই এখন নেতা, কেউ কর্মী নয়। তিনি বলেন, বাংলাদেশ নেতা উৎপাদনের নতুন ক্ষেত্র। লিফলেটের ব্যবহার আর নেই। এখন সবাই বিলবোর্ড দিয়েই শুরু করে। মঙ্গলবার দুপুরে বেগম বদরুন্নেচ্ছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ আয়োজিত শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিলবোর্ডে বঙ্গবন্ধু উপলক্ষ্য মাত্র, সবার লক্ষ্য আত্মপ্রচার করা। বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর ছবি ছোট করে দিয়ে নিজের ছবি বড় বড় করে প্রচার করা হচ্ছে। একটি বিলবোর্ডে ৪৩ জনের ছবিও দেখেছি। যাদের অনেকেরই চিনিও না। পৃথিবীর কোনো দেশে এ রকম নজির নেই। বঙ্গবন্ধুর নাম এবং ছবি ব্যাবহার করে এরকম অপকর্ম থেকে সরে আসলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। ছাত্রলীগ নেতাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করে এবং নতুন নতুন আইডিয়া দিয়ে ছাত্রসমাজকে আকৃষ্ট করার পরামর্শ দেন তিনি।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তোমরা নেতার উৎপাদন বন্ধ কর, কর্মী উৎপাদন বাড়াও। তোমরা শিক্ষা নিয়ে কথা বলবে। ক্যাম্পাস নিয়ে কথা বলবে। শিক্ষার সমস্যাগুলো তুলে ধরবে। ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কথা বলবে। তা নয়, ছাত্রনেতারা এখন শুরুতেই আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলে। যে বিষয় নিয়ে আমি কথা বলবো তা এখন ছাত্ররাজনীতিরীদরাই বলে।
বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সাবিনা আক্তার শিউলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবা রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।