Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বের দামি তারকাদের তালিকায় বলিউড

বিনোদন ডেস্ক:
বিশ্বের সবচেয়ে দামি ১০০ তারকার তালিকায় স্থান পেলেন বলিউডের তিন অভিনেতা অমিতাভ বচ্চন, সালমান খান ও অক্ষয় কুমার। তবে এখানে জায়গা হয়নি বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানের! ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস এই বার্ষিক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ১০০ দামি তারকার অভিজাত এই ক্লাবে ৭১ নম্বরে আছেন যৌথভাবে বিগ বি ও সালমান। দু’জনেরই রোজগার হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ডলার। লক্ষণীয় বিষয় হলো, হলিউডের প্রথম সারির তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও আর চেনিং টেটামের চেয়ে (২ কোটি ৯০ লাখ ডলার) তাদের উপার্জনের পরিমাণ বেশি। বলিউডের আরেক তারকা অক্ষয় ৩ কোটি ২৫ লাখ ডলার আয় করে আছেন ৭৬ নম্বরে। সবার ওপরে অর্থাৎ এক নম্বরে আছেন আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার রোজগারের পরিমাণ ৩০ কোটি ডলার। হতাশার কথা হলো, শাহরুখ কিংবা কোনো নারী তারকা নেই তালিকায়। ১৯৯৯ সাল থেকে ফোর্বস এই তালিকা তৈরি করছে। এ বছরের তালিকা তৈরির পর অমিতাভকে নিয়ে তারা উল্লেখ করেছে, পাঁচ দশকের ক্যারিয়ারে দেড়শ’রও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি গত বছর তার রোজগারের অন্যতম উৎস ছিলো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা। সালমানকেও বলা হয়েছে বলিউডের অন্যতম বড় তারকা। রূপালি পর্দার বাইরে নিজের পোশাকের র্ব্যান্ড ‘হিউম্যান বিয়িং’ থেকে গত বছর ৩ কোটি ডলার মুনাফা হয়েছে সালমানের। অক্ষয়কে বলা হয়েছে বলিউডের ব্যস্ত তারকা। প্রতি বছর চারটি করে ছবিতে দেখা যায় তাকে। গত বছর ‘হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি’ এবং ‘এন্টারটেইনমেন্ট’ ছবি দুটি থেকে ঈর্ষণীয় উপার্জন হয়েছে তার।

Leave A Reply

Your email address will not be published.